প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪:৩৩
ডিজিটাল উন্মত্ততার আদালতে শিক্ষক কেন আসামি?
ট্রল-সন্ত্রাস, অনলাইন মব-সাইকোলজি ও জাতির বিবেকের বিচার!

সোশ্যাল মিডিয়ার লাগামহীন ভার্চুয়াল অঙ্গন আজ এমন এক উন্মত্ত জনতার চারণভূমিতে পরিণত হয়েছে, যেখানে যুক্তির চেয়ে উল্লাস, সত্যের চেয়ে ট্রল, আর মানবিকতার চেয়ে চরিত্রহনন অনেক বেশি জনপ্রিয়। এই অসুস্থ ডিজিটাল সংস্কৃতির বিষদাঁত এখন কেবল ব্যক্তি নয়, সমাজের সবচেয়ে সম্মানিত ও আলোকিত পেশা—শিক্ষকতার দিকেও ছোবল হানতে শুরু করেছে। সভ্যতার প্রথম আলোকবর্তিকা যাঁদের হাত ধরে জ্বলে ওঠে, সেই শিক্ষকদের মর্যাদা আজ বেনামী কিবোর্ড-যোদ্ধাদের আক্রমণের লক্ষ্যবস্তু। এটি শুধু একজন শিক্ষকের অপমান নয়; এটি জাতির বিবেক, মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিপক্বতার ওপর নির্মম আঘাত।
|আরো খবর
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে ঘিরে সাম্প্রতিক সাইবার-বুলিং ও ট্রল-সংস্কৃতির ঘটনা আমাদের সমাজের ভয়ংকর মানসিক দেউলিয়াত্বের নগ্ন প্রকাশ। একটি সাধারণ ভিডিও—বিদ্যালয়ের প্রাঙ্গণে মার্জিত শাড়ি পরিহিত একজন শিক্ষিকা হেঁটে যাচ্ছেন, নেপথ্যে বাজছে বাংলার চিরায়ত গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। স্বাভাবিক, শৈল্পিক ও নির্দোষ এই দৃশ্যটুকুই যেন একদল বিকৃত রুচির ও সাইবার-সন্ত্রাসীর কাছে অপরাধে পরিণত হলো। মুহূর্তেই কমেন্ট বক্স ভরে উঠল অশালীনতা, চরিত্রহনন, কুৎসা, গালিগালাজ এবং চাকরিচ্যুতির দাবি দিয়ে।
প্রশ্ন হলো—আমরা কি সত্যিই এমন এক সমাজে পৌঁছে গেছি, যেখানে একজন শিক্ষক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না? তাঁর কি ব্যক্তিস্বাধীনতা নেই? তাঁর কি সাংস্কৃতিক রুচি প্রকাশের অধিকার নেই? শিক্ষকতা কি এমন এক বন্দিদশা, যেখানে হাসি, সৌন্দর্যবোধ, শিল্পচর্চা কিংবা ব্যক্তিত্বের প্রকাশও অপরাধ হিসেবে বিবেচিত হবে? যদি এমনই হয়, তবে আমরা শিক্ষকের সম্মান নয়, বরং সমাজের সভ্যতাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি।
তবে আশার আলোও নিভে যায়নি। এই কুৎসিত অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের শিক্ষকসমাজ যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন, তা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম ইতিবাচক সামাজিক বার্তা। একই গানের সঙ্গে হাজারো শিক্ষিকা শাড়ি পরে রিলস নির্মাণ করে যে প্রতিবাদ জানিয়েছেন, তা কেবল একটি ট্রেন্ড নয়; এটি ছিল সংস্কৃতি, আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধের পক্ষে এক সাহসী ডিজিটাল আন্দোলন। তাঁরা প্রমাণ করেছেন—শিক্ষক কেবল পাঠ্যবইয়ের পাঠদান করেন না; অন্যায়, কুসংস্কার ও সামাজিক বর্বরতার বিরুদ্ধেও নেতৃত্ব দিতে জানেন।
কিন্তু প্রশ্ন থেকেই যায়—শুধু প্রতিবাদী রিলস কি এই বিকৃত মব-সাইকোলজির বিষাক্ত শিকড় উপড়ে ফেলতে পারবে? যারা বেনামী পরিচয়ের আড়ালে বসে একজন শিক্ষকের সম্মানহানি করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের আইনি ব্যবস্থা কোথায়? সাইবার অপরাধ দমনের আইন কি কেবল বিশেষ পরিস্থিতিতে প্রয়োগের জন্য, নাকি একজন সাধারণ শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হবে? অনলাইনে সংঘবদ্ধ চরিত্রহনন, মানহানি ও ডিজিটাল হয়রানিকে আর মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে লুকিয়ে রাখার সুযোগ দেওয়া যায় না। এসব অপরাধীর পরিচয় শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের অনিবার্য দাবি।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনলাইন মব-সাইকোলজি এখন যুক্তিকে গ্রাস করছে। এখানে কেউ সত্য যাচাই করে না; কেউ বিবেকের কাছে প্রশ্ন রাখে না। কয়েকটি উসকানিমূলক মন্তব্য, কিছু ভাইরাল পোস্ট আর সংঘবদ্ধ ট্রল—মুহূর্তেই একজন নিরপরাধ মানুষকে সামাজিক বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। এই প্রবণতা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে আগামী দিনে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী কিংবা যে কোনো সাধারণ নাগরিক একই ধরনের ডিজিটাল নিপীড়নর শিকার হতে পারেন।
যে জাতি শিক্ষককে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়তে পারে না। যে সমাজ শিক্ষকের মর্যাদাকে ট্রলের উপাদানে পরিণত করে, সে সমাজ শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎকেই অপমান করে। তাই এখনই সময় রাষ্ট্র, আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং সর্বোপরি সচেতন নাগরিক সমাজকে একযোগে এগিয়ে আসার। সাইবার-বুলিং ও অনলাইন ট্রল-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতেই হবে।
ভার্চুয়াল মাস্তানদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়ার সময় এসেছে—শিক্ষকের মর্যাদা কোনো ভাইরাল কনটেন্ট নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার প্রতীক। যে হাত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলে, সেই হাতকে অপমান করার অধিকার কোনো ট্রল-সন্ত্রাসীর নেই। শিক্ষকের সম্মান রক্ষা করা মানে কেবল একজন ব্যক্তিকে রক্ষা করা নয়; বরং একটি সভ্য জাতির আত্মপরিচয়, মূল্যবোধ ও ভবিষ্যৎকে রক্ষা করা।
ডিসিকে /এমজেডএইচ








