বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

অপেক্ষা করুন, দেখুন কী করি'—শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

বিশেষ প্রতিবেদক : মো. জাকির হোসেন

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও স্বল্প বেতনের বিষয়টি স্বীকার করে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদমাধ্যম ‘ডেইলি ক্যাম্পাস’-এর এক প্রশ্নের জবাবে তিনি শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে আশাব্যঞ্জক এই মন্তব্য করেন।

বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশা ও বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সরাসরি বলেন, “বেসরকারি শিক্ষকদের এই স্বল্প বেতনের বিষয়টি স্বীকার করছি। সেটা আপনিও জানেন, আমিও জানি। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু (অপেক্ষা করুন এবং দেখুন আমরা কী করতে যাচ্ছি)। আপনারা জানেন আমরা এ বিষয়ে অবগত আছি।”

মন্ত্রীর এই ‘অপেক্ষা করুন’ বার্তাটিকে শিক্ষা সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, আসন্ন নতুন পে-স্কেল বা বিশেষ কোনো কাঠামোর মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হতে যাচ্ছে।

শিক্ষা খাতের বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ কম, যা অত্যন্ত হতাশাজনক। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শিক্ষা খাত যদি সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তবে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, “আগে ঠিক করতে হবে আমরা কী চাই। অগ্রাধিকার ঠিক না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।” এছাড়া গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বিনিয়োগ ও প্রশিক্ষণের ওপরও তিনি জোর দেন।

সংশ্লিষ্ট সূত্র ও সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, নবম পে-স্কেল বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উৎসব ভাতা ও বৈশাখী ভাতাও বাড়বে। তবে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের দীর্ঘদিনের। শিক্ষামন্ত্রীর আজকের এই বক্তব্যের পর শিক্ষক সমাজে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়