প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭
ফ্ল্যাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি
জাপান থেকে ফিরছেন ছেলে, যে ছেলেকে বৃদ্ধা বলেছিলেন, "গ্রামে একা থাকতে ভয়, শহরে বাসা ভাড়া করে দাও"

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত বাঁধা ও গলা কাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা লুৎফুর নাহার (৬২) হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘিরে নানা বিষয় সামনে এলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত কিংবা উল্লেখযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর একমাত্র ছেলে জাপানপ্রবাসী; তিনি দেশে ফিরছেন। ছেলে দেশে ফেরার পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন। একমাত্র ছেলে জাপানে থাকায় গ্রামের বাড়িতে লুৎফুর নাহারের পাশে থাকার মতো কেউ ছিলেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতে একা থাকতে ভয় পেতেন লুৎফুর নাহার। এ কারণে তিনি ছেলেকে বলেছিলেন, "বাবা, আমার বাড়িতে একা থাকতে ভয় লাগে। আমাকে শহরে একটা বাসা ভাড়া নিয়ে দে।" মায়ের ইচ্ছায় ছেলে শহরে বাসা ভাড়ার ব্যবস্থা করেন। সে অনুযায়ী চলতি বছরের ১ নভেম্বর জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন তিনি। কিন্তু নিরাপদে থাকার আশায় শহরে এসে নিজ ভাড়া বাসাতেই প্রাণ হারাতে হলো তাঁকে।
গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। একপর্যায়ে তাঁর চতুর্থ মেয়ে নাহিদা খান ভবনের নিরাপত্তাকর্মীকে ফোন করে মায়ের খোঁজ নিতে বলেন। একইভাবে নাতি বাঁধনও নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নেওয়ার অনুরোধ করেন।
নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী সে সময় বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নামাজ শেষে দ্রুত ফিরে ফ্ল্যাটের সামনে গিয়ে ডাকাডাকি করেন তিনি। কোনো সাড়া না পেয়ে দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। প্রথম কক্ষে লুৎফুর নাহারকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে তাঁকে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ভবন মালিক আসিফ খানকে জানান তিনি। পরে রাত পৌনে ৯টার দিকে ভবন মালিক ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের নাতি বাঁধনের দেওয়া একটি তথ্যও আলোচনায় এসেছে। কয়েক দিন আগে লুৎফুর নাহার একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি আছে, তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে এবং সেজন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরবর্তীতে দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করে পরিবার জানতে পারে, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।
দোকানের পরিচয় ব্যবহার করে কারা ফোন করেছিল এবং কী উদ্দেশ্যে দরজা খোলা রাখতে বলা হয়েছিলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও এই ফোনকলের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তারা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ঘটনার দিন সন্ধ্যার পর থেকে একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি নিরাপত্তাকর্মীকে ফোন দেন এবং এরপরই মায়ের মরদেহ উদ্ধারের খবর পান।
হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ওসি ফয়েজ আহমেদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের একমাত্র ছেলে জাপান থেকে ফিরলে মামলা দায়ের করা হবে। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্লু না মিললেও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"
একাকিত্বের ভয়ে গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসেও শেষ রক্ষা হলো না বৃদ্ধা লুৎফুর নাহারের। কারা, কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে এবং আলমারির কথা বলে ফোন করার পেছনে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। ছেলের দেশে ফেরা ও পুলিশের তদন্তে দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে বলে প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।








