প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:৫১
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৬২ নেতাকর্মী ও ১২ মাদক কারবারি গ্রেফতার, ১৯ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬) জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬২ জন নেতাকর্মী, ১২ জন মাদকসংশ্লিষ্ট আসামি এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় সর্বোচ্চ ৩১ জন, মতলব উত্তর থানায় ১২ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন, শাহরাস্তি থানায় ৬ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জন গ্রেফতার হয়েছেন।
এছাড়াও একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৭৪০ গ্রাম গাঁজা এবং ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানাভিত্তিক অভিযানে ফরিদগঞ্জ থানা ২ জন (৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা), মতলব দক্ষিণ থানা ৪ জন (৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা), শাহরাস্তি থানা ২ জন (১৫0 গ্রাম গাঁজা), কচুয়া থানা ১ জন (২৬ পিস ইয়াবা), হাইমচর থানা ১ জন (২ পিস ইয়াবা) এবং মতলব উত্তর থানা ২ জন (৭ পিস ইয়াবা) আসামিকে গ্রেফতার করে। এছাড়া হাজীগঞ্জ থানায় অভিযান চালিয়ে পলাতক অবস্থায় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জন আটক হন। পরে আটককৃত কিশোরদের বয়স ও অপরাধের ধরণ যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।







