প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:১০
মতলব উত্তরে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই
: নুরুল হক জিতু

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু।
|আরো খবর
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) মতলব উত্তর উপজেলার দাসের আড়ং ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত ‘মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক জিতু বলেন, “দেশের যুবসমাজের একটি অংশ আজ মাদকের ভয়াল থাবার দিকে ঝুঁকছে। তাদের এই অন্ধকার পথ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ফুটবল মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়।”
তিনি আরও বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ। তাই অভিভাবকদের উচিত সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ভালো সংস্কৃতিচর্চায় উৎসাহিত করা। প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে তরুণ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সম্পৃক্ত করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তৌফিক আজিম মিশু, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সোহেল রানা, ইউপি সদস্য জহির প্রধান ও মাসুদ মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক পারভেজ আলম পাভেল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন মিয়া, নুরুল ইসলাম মিয়াজী, মাসুদ সরকার এবং সাকিব মিয়া।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন রাব্বি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সৈকত প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
দিনের রেমাঞ্চকর ফাইনালে বিনন্দপুর যুব সংঘ ও ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিনন্দপুর যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।






