প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:০৮
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে উত্তেজনার জের
চাঁদপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগ নেতা আটক
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্নাকে আটক করেছে পুলিশের একটি বিশেষ দল।
|আরো খবর
জানা যায়, চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহরে জামায়াতে ইসলামী ও এনসিপি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে।
উক্ত ঘটনার সূত্র ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে চিরুনি অভিযান চালায় পুলিশ। অভিযানেের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় শহরের নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্নাকেও আটক করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।







