বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

জেলা সমবায় পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সোহাঈদ খান জিয়া
জেলা সমবায় পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাঁদপুর জেলা সমবায় দপ্তরের পরিদর্শক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভুয়া সমিতির নিবন্ধনে সুপারিশ করার অভিযোগ উঠেছে। সমবায় দপ্তরের বিধি অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই না করেই তিনি অসাধু চক্রকে নিবন্ধনে সহায়তা করছেন বলে দাবি ভুক্তভোগীদের। অনুসন্ধানে জানা যায়, পরিদর্শক আলমগীর হোসেন বিভিন্ন সমিতি সরেজমিনে পরিদর্শন করে জেলা কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। তবে অনেক ক্ষেত্রে শর্তপূরণ বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকলেও অনৈতিকভাবে আর্থিক সুবিধার বিনিময়ে তিনি ইতিবাচক প্রতিবেদন জমা দেন এবং অনুমোদনের সুপারিশ করেন। ফলে ভুয়া সমিতিগুলো সহজেই নিবন্ধন পেয়ে যাচ্ছে। অন্যদিকে, প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেও সঠিক সমিতিগুলো অনুমোদন না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন প্রকৃত আবেদনকারীরা।

স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে একটি সমিতির যাবতীয় কাগজপত্র ও শর্ত সঠিক থাকা সত্ত্বেও সেটিকে অনুমোদন দেওয়া হয়নি। বিপরীতে, ভুয়া ও অসম্পূর্ণ একটি সমিতিকে অনুমোদন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পরিদর্শক আলমগীর মূল ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকার সুবাদে স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র টাকার বিনিময়ে নামসর্বস্ব ও ভুয়া সমিতির নিবন্ধন হাতিয়ে নিচ্ছে। এমনকি নিবন্ধিত অনেক সমিতির সভাপতি ও সদস্যরা নিজেরাও জানেন না যে তারা ওই সমিতির সাথে যুক্ত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, পরিদর্শক আলমগীর টাকার বিনিময়ে ভুয়া সমিতিকে বৈধতা দেন এবং প্রকৃত সমিতিগুলোকে নানা অজুহাতে আটকে রাখেন।

এসব অভিযোগ অস্বীকার করে পরিদর্শক আলমগীর হোসেন বলেন, "ভুয়া সমিতির অনুমোদন দেওয়ার তথ্যটি সঠিক নয়। যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই করেই নিয়ম অনুযায়ী সমিতির নিবন্ধনের সুপারিশ করা হয়।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়