প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
তিন বিচারকের আদালত বর্জন ও প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতা এবং আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত বর্জনসহ নানা কর্মসূচিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা।
এরই অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির ব্যানারে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে আইনজীবীরা বিতর্কিত তিন বিচারকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট মন্টু বলেন, "টানা আট দিন ধরে আমাদের কর্মসূচি চলছে। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের মধ্যে সমন্বয় না থাকলে স্বাধীন বিচার ব্যবস্থা বজায় থাকে না। কোনো বিচারক আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। বর্জনের তালিকায় থাকা বিচারকরা হলেন—চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়মিত প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ছবি ক্যাপশন: চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু।








