প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:২৯
হাজীগঞ্জে শাহ মিরান হাসপাতালে প্রসূতির মৃত্যুতে তোলপাড় !

হাজীগঞ্জ পূর্ব বাজারের ব্রীজের পাশে শাহ মিরান হাসপাতালে প্রসূতির মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ নিহতের পরিবারের। এ ঘটনায় হাসপাতাল ভাংচুরের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে।
|আরো খবর
নিহত তোবা আক্তার (২৫)-এর শ্বশুরবাড়ি হাজীগঞ্জের ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া বেপারী বাড়ি। তিনি একই গ্রামের মিজি বাড়ির লিটন মিজি ও মা পাখি আক্তার দম্পতির বড়ো মেয়ে। তার স্বামী পারভেজ ওমান প্রবাসী।
তোবার পরিবারের দাবি, সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তোবার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শাহ মিরান হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা।
এ দিকে মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুরের খবরে
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে শাহমিরান হাসপাতালের দাযিত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আজাদ জানান, রোগীর এটা প্রথম কেস। সুস্থ রোগীকে ডেলিভারীর পরে ওয়ার্ডে দেয়া হয়েছে। আড়াই ঘন্টা পরে রোগী বাচ্চাকে দুধ দিয়েছে। তারপরে হঠাৎ করে কী হয়েছে ঠিক আমরা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, রোগীর হার্টের সমস্যা হতে পারে। তবে এটাও আমরা নিশ্চিত নই।
চাঁদপুর জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বলেন, রাতে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেছে। তবে ঠিক কী কারণে বা কার ভুলে প্রসূতির মৃত্যু ঘটেছে সেটা বলতে পারবো না।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ তানভির হাসান জানান, আমি জেনেছি ঘটনা, তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাইনি। আমি বিষয়টি নিয়ে সিভিল সার্জন স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেবো।
ক্যাপশন: হাজীগঞ্জে শাহ মিরান হাসপাতালে প্রসূতির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের স্কিন শর্ট।








