বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৩:২৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ

কামরুজ্জামান টুটুল
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী প্রধান দুটি পরিবহন বোগদাদ ও আইদি'র চলাচল বন্ধ রয়েছে। এ কারণে এ সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুরের পর থেকে এ সড়কে এ দুটি পরিহনের বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কটির হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে বাস স্টপেজ দেবার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬ ) ভোর থেকে দুটি পরিবহনের সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন বাস শ্রমিক ও বাস মালিক কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, এ সড়কের বলাখাল বাজার একটি গুরুত্বপূর্ণ বাজারসহ এখানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে স্পেশাল কোনো বাসের স্টপেজ না থাকার কারণে বাসের স্টপেজ করার দাবি উঠে শিক্ষার্থীদের কাছ থেকে। সেই দাবির প্রেক্ষিতে সোমবার ও সর্বশেষ বুধবার দুপুরের পর বলাখাল বাজারে সড়ক অবরোধের নামে শিক্ষার্থীরা। কিন্তু বাস কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে হাজীগঞ্জের উপজেলার প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দুটি পরিবহন বাদে বাকি সব যানবাহন চলাচল স্বাভাবিক করার অনুরোধ জানায় । সেই সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীরা দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখে অন্যান্য যানবাহন চলাচলে অবরোধ তুলে নেন। রাতে পরিবহন শ্রমিকদেরকে বলাখালে মারধরের কারণে দুটি পরিবহন মালিক কর্তৃপক্ষ পরিবহন না চালানোর সিদ্ধান্ত নেন।

বোগদাদ পরিবহনের মালিক আ. হক মুঠোফোনে জানান, কোথায় স্টপেজ হবে, কোথায় স্টপেজ হবে না তা নিয়ে পরিকল্পিতভাবে একটি সিদ্ধান্ত নিতে হয়। কেননা ভাড়া নির্ধারণ করা, বিআরটিএর মাধ্যমে বিষয়টিতে সিদ্ধান্ত নেয়াসহ নানান দিক বিবেচনা করে স্টপেজ দিতে হয়। কিন্তু হাজীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ না করে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে যে, বলাখালে স্টপেজ হবে। স্টপেজ দেবার সিদ্ধান্ত না দেয়ার কারণে স্থানীয়রা আমাদের বাস আটকে রাখে ও আমাদের পরিবহন শ্রমিকদের পিটিয়ে আহত করে ও আমাদের বেশ ক'টি গাড়ি ভাংচুর করে। এরপর থেকে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

অপর এক প্রশ্নে এই পরিবহন ব্যবসায়ী বলেন, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চাঁদপুরের পুলিশ সুপারের সাথে আমরা এই বিষয়ে বসবো, তারপর বলাখালের বাস স্টপেজ দেয়া ও বাস চলাচলের সিদ্ধান্ত আসবে।

আইদি পরিবহনের স্বত্বাধিকারী মীর রিনাজ জানান, স্বল্প কিলোমিটারের দূরত্বে আমাদের স্টপেজ বিদ্যমান রয়েছে। তারপরেও আবার কম দূরত্বে নূতন স্টপেজ দিলে যাত্রীরা বিরক্ত হয়। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, বলাখালের ঘটনায় কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি।

আ. হক সাহেবের কথার সূত্র ধরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি ডিসি স্যারের সাথে কথা বলে বলাখালে স্টপেজ দেয়ার বিষয়ে বাচ্চাদেরকে সিদ্ধান্ত দিয়েছি। আজকে ডিসি স্যারের সাথে মিটিং শেষে সড়কের যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়