প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:২২
রামগঞ্জে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তর দল্টা গ্রামের আব্দুল মান্নান মোল্লার মেয়ে অহিদা আক্তার শিখা( ২১) কে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোরশেদ আলমের বিরুদ্ধে। প্রায় সাত মাস আগে তার বিয়ে হয় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া এলাকার বাসিন্দা মোরশেদ আলমের সঙ্গে।
|আরো খবর
মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেলে মুমূর্ষু অবস্থায় শিখাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ সময় শিখার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। তাদের দাবি, নির্যাতনের একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা জানান, এ ঘটনায় নিহতের স্বামী মোরশেদ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রামগঞ্জে শিখার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








