প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৮
মতলবে ইউপি মেম্বারের বিরুদ্ধে ১০ কেজি চালের স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাকশিবপুর এলাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চালের স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মুসলিম উদ্দিনের বিরুদ্ধে । বুধবার (১১ মার্চ ২০২৬) এমন অভিযোগ করেছেন লাকশিবপুর গ্রামের একাধিক ব্যক্তি। জানা যায়, উত্তর বারোগাঁও ও লাকশিবপুর গ্রাম নিয়ে গঠিত ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন তার নিজ ওয়ার্ডের লাকশিবপুর গ্রামে অসহায় হতদরিদ্রদের মাঝে চালের স্লিপ না দেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে । তারা জানান, মেম্বার নিজে আমাদের ২০ জনের তালিকা নিলেও তিনি কোনো স্লিপ দেননি ।
এ বিষয়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক প্রধানীয়া বলেন, আমার কাছ থেকে তিনি নিজে ২০ জনের নাম নিয়েছিলেন। নাম দেয়ার পর আমাদের চালের স্লিপ দেননি। তিনি স্লিপগুলো নিজে রেখে দিয়েছেন। অভিযুক্ত ইউপি মেম্বার মুসলিম বলেন, সবসময় লাকশিবপুর গ্রামে সকল সুযোগ দিয়েছি। একবার না দিলে কোনো সমস্যা হবে না। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, মেম্বার সাহেব আমার কাছ থেকে তার স্লিপ বুঝে নিয়েছেন। তিনি কাকে দিয়েছেন আর কাকে দেন নি সেটা আমি জানি না ।








