বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৩:১৫

তারাবিহ নামাজের জন্য বেরিয়ে ছিলো শিশুটি

নিখোঁজের ৪ ঘন্টা পর বাড়ির পাশের বাশঝাঁড়ে মিললো শিশুর রক্তাক্ত মরদেহ

প্রবীর চক্রবর্তী।।
নিখোঁজের ৪ ঘন্টা পর বাড়ির পাশের বাশঝাঁড়ে মিললো শিশুর রক্তাক্ত মরদেহ

রোজা রেখে ইফতার করে প্রতিদিনের ন্যায় তারাবিহ নামাজ পড়তে বের হয় মাদ্রাসা পড়ুয়া ৮ বছরের শিশু রুবেল হোসেন। কিন্তু মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাতটি কালরাত হয়ে ফিরে আসে শিশু রুবেল ও তার পরিবারের জন্যে। ঘর থেকে বের হওয়ার প্রায় ৪ঘন্টা পর বাড়ির পাশের বাশঝাঁড়ে মিললো তার রক্তাক্ত মৃতদেহ। ছিলো গলায় আঘাতের চিহ্ন। অথচ এর আগে শিশুটির পরিবার ও তার স্বজনরা খোঁজাখুঁজি, এমনকি এলাকায় মাইকিংও করে।

ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের। শিশুটি ওই গ্রামের মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে । নিহত রুবেল স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র । সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে।

পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ইফতারের পর প্রতিদিনের ন্যায় প্রায় ৮টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যায় তারাবিহ নামাজ পড়তে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে এক পর্যায়ে এলাকাজুড়ে মাইকিং করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী। তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মৃত এবং নাকে ও মুখে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে। উদ্ধারকালে শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত বের হতে দেখা যায়।

নিহত রুবেলের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করলো। সে কী অপরাধ করেছিলো। নিহত শিশু রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলো।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, শিশুটির লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও নাকে মুখে রক্ত দেখা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়