বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১১:২১

শরতের সম্মোহন

সাইদা আক্তার
শরতের সম্মোহন

অক্টোবর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস। আর বাংলা ঋতুর শরৎকাল। কারণবিহীন আকাশ দেখতে যাদের ভালো লাগে তাদের জানা আছে শরতের আকাশের রং, রূপ আর গন্ধের সম্মোহনী রেখা আকাশের মতোই সীমাহীন। তাই হয়তো জটিলতম কারণ ছাড়াই অক্টোবর আমার ভীষণ প্রিয়। আমি আকাশ দেখি তাঁর মতো করে। মেঘের স্তরে স্তরে সাজানো সাদা, হালকা নীল, সাদার অনেক রূপ। সকাল, দুপুর কিংবা বিকেলের আকাশ চোখের দৃষ্টিসীমা ছাড়িয়ে যাবে।

অক্টোবর মানেই উৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ঢাকের আওয়াজ, চারপাশের হাজারো আলোর রোশনাই আর কাশফুলের উপস্থিতি জানান দেয় আবারও শুরুর আয়োজন হচ্ছে।

অক্টোবর মানেই শিউলি। কমলা বোঁটার সাদা পাপড়ি নিয়ে ঝরে পড়া শিউলি দেখতে পেলে জীবন মুহূর্তে থমকে যায়। হালকা ঘ্রাণ কিন্তু নিজের কী সরব উপস্থিতি! আপনি, আমি দেখি, না দেখি তাতে শিউলির কিছু যায় আসে না। সে আসে শরৎকে ধারণ করে। ঝরে পড়া শিউলি একটা একটা করে তুলে নেওয়া, মনে করিয়ে দেবে নিজের জন্য একটা সকাল তুলে নেওয়া শুভ্রতার আয়নায়।

শরৎ মানেই বাতাসের বদলে যাওয়া। শরৎ শুরু হয় কোমল একটা অনুভবের পরশ দিয়ে। দিন যত এগিয়ে যাবে আস্তে আস্তে অদ্ভুত মোহনীয় হালকা মৃদু মায়াবী না উষ্ণ, না শীতল পরশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আলগোছে নিজের জন্য সেজেগুজে বসে থাকে শরৎ। বাংলাদেশের আবহাওয়ার প্রতিকূলতার মাঝে শরৎকে ধন্যবাদ জানানো যায় তার নরম উপস্থিতির জন্য।

আসুন একটু সময়ের পেছনে চলে গিয়ে অক্টোবর মানে বাংলা মাসের ইতিহাসের পথ হেঁটে আসি। বাংলা সনের প্রবর্তক মুঘল সম্রাট আকবর। সম্রাট আকবরের রাজসভার জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত আমির ফতেউল্লাহ সিরাজী এই ক্যালেন্ডার তৈরি করেন। এটি দিয়ে তিনি চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির ১১ দিনের জটিলতা দূর করেন।

এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় তারিখ-ই-ইলাহি বা ফসলি সন। সাধারণত ফসল বা খাজনা আদায়ের লক্ষ্যে প্রথমে এটি চালু করা হয়। সম্রাট আকবরের সিংহাসন আরোহণের দিন অর্থাৎ ১৫৮৪ খ্রিস্টাব্দে বাংলা ১৫৫৬ সাল থেকে এটি কার্যকর হয়।

শরৎ আমি কিনে নিয়েছি আমার জন্য। অন্য সব মানুষের জন্য আলাদা শরৎ। আমার শরৎ, আমার অক্টোবর শুধু আমার। যেদিন প্রথম আমি আমার জন্য শিউলি কুড়িয়ে এনেছিলাম, সেদিন থেকে অক্টোবর মানেই আমার আকাশ দেখা, বাতাসের গন্ধ নেওয়া, মেঘের সাথে কথা বলা আর নিজেকে শরতের অক্টোবরে মুড়িয়ে পৃথিবীর সব নৃশংসতা ভুলে যাওয়া।

সাইদা আক্তার : ট্রাক রোড, চাঁদপুর সদর, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়