প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪
প্রতিকূলতার মধ্যেও মাঠ ছাড়েননি ফরিদগঞ্জের কৃষক আলী মিয়া

শ্রমিক সংকট, ফসলের ন্যায্যমূল্যের অভাব এবং পর্যাপ্ত সরকারি-বেসরকারি সহায়তার ঘাটতি—এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও কৃষিকাজ আঁকড়ে ধরে আছেন ফরিদগঞ্জের লোহাগড় গ্রামের কৃষক আলী মিয়া। বহু প্রতিকূলতার মুখেও মাঠ ছাড়েননি তিনি।
আলী মিয়া জানান, কৃষিকাজে অক্লান্ত পরিশ্রম হলেও সেই তুলনায় কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না। জীবিকা নির্বাহের জন্য তিনি নিজের পাশাপাশি অন্যের জমিতেও চাষাবাদ করেন। এছাড়া দুটি গরুও পালন করছেন। চলতি মৌসুমে তিনি ৫০ শতাংশ জমিতে আমন ধানের আবাদ করেছেন। তবে লোকসান ও নানা সমস্যার কারণে আগের চেয়ে চাষাবাদের পরিমাণ কমাতে বাধ্য হয়েছেন।
কৃষি খাতের বর্তমান সংকট তুলে ধরে তিনি বলেন, “কৃষিকাজে সবচেয়ে বড় বাধা এখন শ্রমিক সংকট। ভরা মৌসুমে শ্রমিক পাওয়া যায় না, আর মিললেও দিতে হয় অতিরিক্ত মজুরি। এছাড়া পরিশ্রম করে ফসল ফলিয়েও বাজারে ন্যায্যমূল্য পাই না, যার ফলে দিনশেষে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ে।”
কৃষকদের বাঁচিয়ে রাখতে উৎপাদন খরচ কমানো, বাজারে ধানের সঠিক মূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এই প্রবীণ কৃষক।








