শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

ভিডিএফ চাঁদপুর জেলা কমিটির নির্বাচন সম্পন্ন

মানজুরুল সভাপতি, ফাহিম সাধারণ সম্পাদক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ভিডিএফ চাঁদপুর জেলা কমিটির নির্বাচন সম্পন্ন

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ)-এর চাঁদপুর জেলা নির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস. এম. মানজুরুল ইসলাম সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম হোসেন। তাঁরা দুজনই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে চাঁদপুর জেলা নির্বাহী কমিটির অন্যান্য পদের বিজয়ী প্রার্থীরা হলেন :

সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) : মো. রফিকুল ইসলাম;

সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) : ঝিনুক দাস; যুগ্ম সাধারণ সম্পাদক : অর্পিতা মজুমদার;

সাংগঠনিক সম্পাদক : বৃষ্টি আচার্য;

কোষাধ্যক্ষ : মো. নাইমুর রহমান নিয়ামুল।

নবনির্বাচিত সভাপতি এস. এম. মানজুরুল ইসলাম সাজিদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “চাঁদপুরের তরুণদের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে নতুন উদ্যমে কাজ করবে এই জেলা কমিটি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, স্থানীয় সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও জানান, তরুণদের নেতৃত্বের গুণাবলি ও স্বেচ্ছাসেবী দক্ষতা বিকাশ, দুর্যোগকালীন জরুরি সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনে ভিডিএফ ভূমিকা রাখবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি চাঁদপুরের তরুণ সমাজ, স্থানীয় জনগণ, প্রশাসন, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) হলো বাংলাদেশব্যাপী তরুণদের পরিচালিত একটি অরাজনৈতিক, নিরপেক্ষ ও অলাভজনক স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। এটি তরুণদের সংগঠিত ও সক্ষম করার মাধ্যমে তাদের স্বেচ্ছাসেবী উদ্যোগ, নাগরিক অংশগ্রহণ, কমিউনিটি উন্নয়ন এবং নীতিগত সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভিএসও বাংলাদেশ দেশে একটি জাতীয় তরুণ স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলার প্রক্রিয়ায় ভিডিএফ-কে সহযোগিতা করছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করা হচ্ছে।

ভিডিএফ-এর গঠনতন্ত্র অনুযায়ী এর মূল লক্ষ্য বা ভিশন হলো :

“একটি জাতীয়ভাবে সমন্বিত ও যুব-পরিচালিত স্বেচ্ছাসেবী আন্দোলন গড়ে তোলা; যা তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, কমিউনিটি উন্নয়ন ও নীতি নির্ধারণে ভূমিকা রাখতে ক্ষমতায়িত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ সমাজের জন্য স্বেচ্ছাসেবার সংস্কৃতিকে বিকশিত করবে।”

সংগঠনটির উদ্দেশ্য বা মিশন হলো : “আইনসম্মত ও গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের সংগঠিত, সুসংগঠিত ও শক্তিশালী করা; যা জাতীয় আইন ও স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তরুণদের অর্থবহ অংশগ্রহণ, কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন, নাগরিক দায়িত্ববোধ এবং নীতিগত সম্পৃক্ততাকে উৎসাহিত করবে।”

দেশের ৬৪টি জেলাতেই তরুণ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে ভিডিএফ যুব নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবার মাধ্যমে উন্নয়ন, তরুণদের মতামত প্রকাশের অধিকার, বিষয়ভিত্তিক যুব কার্যক্রম এবং বিভিন্ন অংশীজনের সাথে অংশীদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় স্বেচ্ছাসেবী আন্দোলন গড়ে তুলতে কাজ করে চলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়