প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:২৩
পূর্ণতার ঈদ

মুহাম্মদ কাউছার আলম রবি পূর্ণতার ঈদ উৎসর্গ : প্রিয় আয়িশা আফিফ ও আদিলকে।
চাঁদ উঠেছে নীল আকাশে, খুশির বারতা নিয়ে,
আমার ঘরে ঈদের আনন্দ আসুক আমায় দিয়ে।
ছেলে হিসেবে বৃদ্ধ মা-বাবার চরণে রাখি মাথা,
তাদের ওষুধের বক্স আর নতুন পাঞ্জাবিতেই মিটে সব ব্যাকুলতা।
তাদের দুয়ারে বটবৃক্ষ হয়ে আগলে রাখা মোর কাজ,
মা হাসলে মনে হয়, ধন্য হলো মোর ঈদের সাজ।
অর্ধেক অঙ্গ যে মোর, সেই প্রিয়তমা স্ত্রীর হাতে-
তুলে দিই শ্রেষ্ঠ উপহার, ভালোবাসার স্নিগ্ধ প্রপাতে।
তার সারা বছরের ক্লান্তি মুছিয়ে দিতে যদি পারি,
তবেই সার্থক হবে এই উৎসব, এই ঘর-গেরস্থালি বাড়ি।
পিতার কাঁধে অনেক ভার, সন্তানের উজ্জ্বল চোখ
ওদের রাঙা পোশাকেই পূর্ণ হোক আমার সব শোক।
সাধ্যের সবটুকু দিয়ে ওদের ছোট ছোট শখ পূরণ,
বাবার বড় তৃপ্তি তো ঐ হাসিমুখের আল্পনা লিখন।
প্রতিবেশী আর সমাজের ওই আর্তমানুষের তরে,
নিজের পকেট শূন্য হলেও পূর্ণতা আসুক ওদের ঘরে।
সব বিলিয়ে দিয়ে যখন রিক্ত আমি, একাকী দাঁড়াই
তখনই তো সত্যিকারের ঈদের স্বাদ মনে খুঁজে পাই।
আমি শূন্য হয়েও পূর্ণ আজ সবার হাসির ভিড়ে,
আল্লাহর মেহেরবানি যেন বর্ষে মোর নীড়ে।
হে মাবুদ, আমায় করেছ এক দায়িত্বশীল মানুষ
তোমার দয়ায় ওড়ে যেন মোর কৃতজ্ঞতার ফানুস।
জগতের যত যুদ্ধ থামুক, শান্তিতে ভরে উঠুক ধরা,
বিভেদ ভুলে এক হোক আজ রিক্ত আর বিত্ত-ভরা।
ঈদের নামাজ শেষে যখন হাত তুলি ঐ রবের পানে,
সবার সুস্থতা আর শান্তি খুঁজি িএই তো ঈদের মানে।








