প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮
ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর রেজিস্ট্রেশন উদ্বোধন

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি (শনিবার) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি সফলতার সাথে ৭৫ বছর অতিক্রম করছে। প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের যে কোনো প্রাক্তন শিক্ষার্থী অনলাইন কিংবা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বিদ্যালয় চলাকালীন সময়ে প্রতিদিন অফিস কক্ষেও রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান মজুমদার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন কমিটির বিস্তারিত রূপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক দেশবরেণ্য কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বেপারী ও মিরণ হোসাইন মিয়াজী।
সভায় অন্যান্যের মধ্যে মতামত উপস্থাপন করে বক্তব্য দেন সমাজসেবক নজরুল ইসলাম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, ব্যবসায়ী আলহাজ আসফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, শাহজালাল মজুমদার ও শিক্ষার্থী তাসনিম মাহমুদসহ অন্যান্য সুধীজন।
শিক্ষক মোজাম্মেল হোসেন ও মাসুদ মোল্লার যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন শিক্ষার্থী শাহিদুল ইসলাম। জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে মূল আলোচনা শুরু হয়। আলোচনা সভা ও রেজিস্ট্রেশন উদ্বোধনের পর শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








