বুধবার, ০১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২৩:৪৭

ড্যাফোডিল ফাউন্ডেশনের 'জীবিকা চাঁদপুর প্রকল্পে'র ৫ম পর্যায় উদ্বোধন

ড্যাফোডিল ফাউন্ডেশনের 'জীবিকা চাঁদপুর প্রকল্পে'র ৫ম পর্যায় উদ্বোধন
অনলাইন ডেস্ক

'যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত : জীবিকা চাঁদপুর প্রকল্প' ৫ম পর্যায়ের জমকালো উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাবুরহাট ক্যাম্পাসের ইউনুছ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত ‘জীবিকা চাঁদপুর প্রকল্প’ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানবিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকার এক উজ্জ্বল মডেল হিসেবে সর্বমহলে সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রকল্পটির ৫ম পর্যায়। এই নতুন পর্যায়ের মাধ্যমে প্রকল্পটি বেকারত্ব হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক কল্যাণে সাফল্যের পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

২০১৫ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে প্রকল্পটি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর, আশিকাটি, মৈশাদী, তরপুরচণ্ডী ইউনিয়ন এবং চাঁদপুর পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের ৩ হাজার ৫০০ পরিবারের ১৬ হাজার ৫০০জন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করেছে। যাকাত ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক প্রয়োগের মাধ্যমে ‘জীবিকা চাঁদপুর প্রকল্প’ ইতোমধ্যে সমাজে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।

প্রকল্পের মূল দর্শন— 'যাকাত দান নয়, এটি অধিকার।' এই বিশ্বাসের ভিত্তিতেই সুদমুক্ত অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মাধ্যমে সুবিধাভোগীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

এক নজরে জীবিকা প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্যসমূহ :

• বিস্ময়কর তহবিল ব্যবস্থাপনা : মাত্র ৫ কোটি টাকার মূলধনের বিপরীতে ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে বিশ কোটি টাকা ব্যবহৃত হয়েছে, যা ২ হাজার ৫০০ পরিবারকে টেকসই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।

• কর্মসংস্থান ও আয় বৃদ্ধি : মোট ৭ হাজার ১২১টি বিনিয়োগের মাধ্যমে ৮০ শতাংশ পরিবার সরাসরি কর্মসংস্থানে যুক্ত হয়েছে এবং ৫৬ শতাংশ পরিবার টেকসই আয়ের উৎস খুঁজে পেয়েছে। এছাড়া ৪৭ শতাংশ পরিবার তাদের মাসিক আয় ১৫,০০০-২৫,০০০ টাকায় উন্নীত করে নিম্ন আয়ের স্তর থেকে মধ্যবিত্তে উত্তরণ ঘটিয়েছে।

• আর্থিক নিরাপত্তা : প্রকল্পভুক্ত পরিবারগুলোর মোট সঞ্চয় ইতোমধ্যে সাড়ে ৩ কোটি টাকা ছাড়িয়েছে।

• স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা: ‘ইউনুস খান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র’ থেকে এ পর্যন্ত ১৯,৯৪০ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ৬২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকার ঔষধ গ্রহণ করেছেন। এছাড়া জরুরি অপারেশনাল সহায়তার মাধ্যমে ১০৩ জনকে ১৫ লাখ ১৩ হাজার ৭১১ টাকা প্রদান করা হয়েছে এবং কোভিড-১৯ মহামারীতে ১,১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

• শিক্ষা ও জীবনদক্ষতা : ১৯ হাজার ১৩৮জন নারী ও কিশোরী জীবনদক্ষতা প্রশিক্ষণ পেয়েছেন। ৫৩০জন শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষা ও ৫০৪জনের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ৩১৯জন শিক্ষার্থী স্কলারশিপ প্রোগ্রামের আওতায় মাসিক বৃত্তি পেয়েছেন (বর্তমানে ১২৯ জন শিক্ষার্থী মাসিক ২ লাখ টাকার শিক্ষা বৃত্তি পাচ্ছেন) এবং ২৬৮ জন শিশু ৭টি কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে।

শিক্ষা সহায়তায় ড্যাফোডিল ফাউন্ডেশনের বিশেষ কার্যক্রম :

মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে ড্যাফোডিল ফাউন্ডেশন দুটি অনন্য প্রোগ্রাম পরিচালনা করছে, যা এই সামগ্রিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করেছে :

• ডিআইএসএস চাইল্ড হোম ও স্কলারশিপ : এই দুটো কার্যক্রমের আওতায় সুবিধাবঞ্চিত ও পিতৃ-মাতৃহীন শিশুদের আবাসন, টেকসই শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাপনায় আবাসিক হোম প্রতিষ্ঠা করেছে সাভার আশুলিয়াতে। সেইসাথে দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি ও দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করা হচ্ছে।

• আরবান শিশু শিক্ষা সহায়তা কার্যক্রম : শহরের সুবিধাবঞ্চিত, বস্তিবাসী ও খেটে খাওয়া পরিবারের পথশিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ শিক্ষা সামগ্রী, টিউটরিয়াল গাইডেন্স ও সহায়তা দেয়া হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও ৫ম পর্যায়ের লক্ষ্য :

নতুন এই ৫ম পর্যায়ের উদ্বোধনের মাধ্যমে ড্যাফোডিল ফাউন্ডেশন ‘জীবিকা চাঁদপুর প্রকল্প’কে একটি জাতীয় মডেল হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। এই নতুন ধাপে আরও এক হাজার নতুন পরিবারকে প্রকল্পের আওতায় এনে তাদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক সুরক্ষার পরিধি আরও বৃদ্ধি করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

জীবিকা প্রকল্প কেবল কোনো আর্থিক সহায়তা নয়—এটি এক আত্মিক জাগরণ, নৈতিক পরিবর্তন ও সম্মানজনক জীবনের পথে এক আলোকবর্তিকা।

যোগাযোগের বিবরণ :

প্রকল্প ব্যবস্থাপক,

জীবিকা চাঁদপুর প্রকল্প,

ড্যাফোডিল ফাউন্ডেশন

বাবুরহাট মডেল টাউন, চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।

মোবাইল নং ০১৮৪৭৩৩৪৭৫৩, ০১৭৩১২৮৬৭৯২।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়