প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২১:০৬
গৃদকালিন্দিয়া কলেজের এইচএসসির ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে অসদাচরণ করেন।
|আরো খবর
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বোর্ড নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ৩০০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২৫০০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০০ টাকা করে আদায় করছে।
শিক্ষার্থী ফাতেহাতুল ইসলাম ও নাঈম হোসেন এবং অভিভাবক ফাতেমা বেগম জানান, বোর্ড নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত ক্লাসের নামে ১০৫০ টাকা নেওয়া হচ্ছে, যার কোনো রসিদ দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কলেজের অধ্যক্ষের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী মফিজুল ইসলাম ভূঁইয়া টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি দাবি করেন, কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার অনুমতিতেই এই অর্থ আদায় করা হচ্ছে। আলাপচারিতার এক পর্যায়ে তিনি উপস্থিত দুজন গণমাধ্যমকর্মীর সাথে অসদাচরণ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেটু কুমার বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমকর্মীদের সাথে অশোভন আচরণের বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি প্রয়োজনে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানাবেন বলে আশ্বস্ত করেন।
এদিকে গণমাধ্যমকর্মীর সাথে অসদাচরণের ঘটনায় নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।








