শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:১৪

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতা হুমায়ুন কাজীর বিরুদ্ধে

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতা হুমায়ুন কাজীর বিরুদ্ধে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১৯-বি আনন্দ বাজার খালের পাড়ে থাকা রেইন্ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। খালের পাড়ের গাছগুলো নিজের দাবি করে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী এবং জব্বার মাস্টারের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ স্থানীয় একটি চক্রের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের খালের পাড়ের গাছগুলো বিক্রি করা হয়। এতে হুমায়ুন কবির কাজী মধ্যস্থতা করেন এবং বিক্রি কার্যক্রমের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পেয়ে তদন্তে নামে পানি উন্নয়ন বোর্ড।

পরবর্তীতে ২২ জুলাই ২০২৬ তারিখে ফরিদগঞ্জ থানায় পাউবোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সব অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির কাজী বলেন, "এই সম্পত্তি আমাদের দুই বাড়ির ব্যক্তি মালিকানাধীন। বিশেষ করে গাছগুলো আমার শ্বশুরের নিজ হাতে লাগানো। এগুলো আমাদের নিজস্ব গাছ বলেই বিক্রি করা হয়েছে।"

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার জানান, সরকারি খালের পাড়ের গাছ বিক্রির অভিযোগে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়