প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৭:০৫
শাহরাস্তিতে ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা
অভিযুক্তকে আটক করেছে পুলিশ

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫৫)। সে ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলো। এক পর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুর মা মঙ্গলবার রাতে বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে।








