বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮:০৯

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম পেলেন বিশেষ সম্মাননা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম পেলেন বিশেষ সম্মাননা

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কালচারাল সোসাইটি কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার। বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এমপি। বিশেষ অতিথি ছিলেন ফরিদা ইয়াসমিন, এমপি। সংগঠনের সভাপতি ড. মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম, মো. ইউনূস তালুকদার রাজু প্রমুখ।

প্রিন্সিপাল নূরে আলম তালুকদার এডুকেশন ওয়ার্ল্ড নিউজ ২৪ ডট কম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। ছাত্রজীবনে তুখোড় মেধাবী ছাত্র নূরে আলম তালুকদার ৫ম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে শিক্ষাবৃত্তি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় সাংবাদিকতাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাছাড়া নিজ উদ্যোগে রাজধানীর মিরপুরে ট্রাস্ট মডেল একাডেমি প্রতিষ্ঠা করেন।

২০০৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহমদ কর্তৃক বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। তিনি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত ত্রিশ বছরে পাঁচ লক্ষাধিক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছেন। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতীয় শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কমিশন গঠন নিয়ে জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে 'Moral Education Development Programme' নামে একটি প্রকল্পও চালু করেছেন।

তরুণ শিক্ষা উদ্যোক্তা, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়