প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪১
শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলা
মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ইচুলী বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের ভয়ংকর হামলায় গুরুতর আহত দিনমজুর তৌহিদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে পুরো এলাকায় গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একজন অসহায় দিনমজুরের ওপর এমন বর্বর হামলায় ফুঁসে উঠেছে স্থানীয়রা। স্বজনদের আহাজারি আর তিন শিশুসন্তানের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
ঘটনার বিবরণ :
গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত তৌহিদকে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পরিবারে চরম অনিশ্চয়তা
তৌহিদ একজন দরিদ্র দিনমজুর। তার আয়েই চলে পুরো সংসার। তার তিনটি শিশুসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটাপন্ন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্বজনরা। স্থানীয়দের মতে, এই হামলা শুধু একজন ব্যক্তিকে আহত করেনি, একটি অসহায় পরিবারকেও গভীর অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে।
অভিযুক্ত যারা : স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১০ জনের নাম উঠে এসেছে। তারা হলো— আবদুল্লাহ, রাসেল, রানা, সজিব, রকি, হৃদয় গাজী, নাছির গাজী, মামুন, মারুফ ও রোমান। তাদের সবার বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী এলাকায়। এছাড়া হামলায় আরও ১০ থেকে ১৫ জনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, হামলার নেতৃত্বে ছিল রানা ও তার ভাই সজিব। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের পদক্ষেপ :
এ ঘটনায় তৌহিদের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, তৌহিদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি তৌহিদের পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা
সর্বশেষ তথ্য অনুযায়ী, তৌহিদের জরুরি অপারেশনের জন্য এ মুহূর্তে কয়েক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার। কিন্তু দরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে তার উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
তৌহিদের জীবন বাঁচাতে ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তৌহিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী।
সচেতন মহলের দাবি :
সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর দাবি, কেবল মামলা বা আসামি শনাক্তের মধ্যে পুলিশের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় কিশোর গ্যাং, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান পরিচালনার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। তিন শিশুসন্তান যেন বাবাকে ফিরে পায় এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়—এটাই এখন শাহমাহমুদপুরবাসীর একমাত্র প্রত্যাশা।








