শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫২

হাজীগঞ্জে ৮ কিলোমিটার মিনি ম্যারাথনে অংশ নিলেন সহস্রাধিক স্বাস্থ্যসচেতন ব্যক্তি

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ৮ কিলোমিটার মিনি ম্যারাথনে অংশ নিলেন সহস্রাধিক স্বাস্থ্যসচেতন ব্যক্তি
হাজীগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড়ের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সিজন-১’। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় সহস্রাধিক দৌড়বিদ ৮ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে অংশ নেন।

উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড়, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক হয়ে বদরপুর মোড় প্রদক্ষিণ করে। এরপর টোরাগড়ের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে ফিনিশিং লাইনে প্রতিযোগিতাটি শেষ হয়।

প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিভক্ত ছিল—১৫ থেকে ৩০ বছর (‘এ’ ক্যাটাগরি), ৩১ থেকে ৪০ বছর (‘বি’ ক্যাটাগরি) এবং ৪১ থেকে ৬০ বছর বয়সীরা (‘সি’ ক্যাটাগরি)। প্রতিটি ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপসহ মোট ৩ জনকে প্রাইজমানি ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ক্যাটাগরিভিত্তিক সেরা ১৭ জন করে মোট ৫৪ জনকে মেডেল প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। দৌড়বিদদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো ট্র্যাকজুড়ে পর্যাপ্ত পানীয় সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসাসেবার জন্য নির্দিষ্ট বুথ রাখা হয়েছিল। দৌড় শেষে প্রতিযোগীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়।

‘সকাল বেলার হাওয়া, সকল রোগের দাওয়া’—এই প্রবাদ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “ইলেকট্রনিক ডিভাইসসহ নানা কারণে আমরা মানবসভ্যতার প্রচলিত স্বাস্থ্যকর অভ্যাসগুলো থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলে আমরা স্বাস্থ্যসচেতন থাকতে পারছি না। মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা ও সকালে দৌড়ানোর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ জীবনধারা ছড়িয়ে দিতেই উপজেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগ।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়