প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৩১
শাহতলী জিলানী চিশতী কলেজ জেলায় তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা
শিক্ষার্থীরাই আগামীদিনের সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
|আরো খবর
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চাঁদপুর সদরের জিলানী চিশতী কলেজ আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পুরো চাঁদপুর জেলার একটি আলোকবর্তিকা। কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অর্জন করে যে গৌরব এ প্রতিষ্ঠানটি অর্জন করেছে, সেজন্য আমি জিলানী চিশতী কলেজ পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে পর্দার আড়ালের কারিগর হলেন তাদের অভিভাবক ও শিক্ষকমণ্ডলী। শিক্ষার মূল লক্ষ্য শুধু সনদ অর্জন বা চাকরি পাওয়া নয়; বরং মনুষ্যত্বের বিকাশ ও নৈতিকতার আলোয় নিজেদের গড়ে তোলা। বর্তমান সরকারের যুগোপযোগী শিক্ষানীতির সুফল কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সভাপতির প্রশংসা করে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী একজন শিক্ষাবান্ধব ব্যক্তি; তাঁর দিকনির্দেশনা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টাতেই আজকের এই চমৎকার ফলাফল সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “১৯৭০ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী এই কলেজটি প্রতিষ্ঠা করেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরী দুই পীরের নামের সঙ্গে সম্পৃক্ততা রেখে এর নামকরণ করেছিলেন। এ বছর সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের চিত্র দেখা গেলেও আমাদের কলেজ অত্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখতে হবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি। অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রূপা রাণী দাস।
সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, মাওলানা ছোহাইল আহমাদ, ফারজানা আক্তার, মো. জিয়াউর রহমান, মো. হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. মাহবুবুর রহমান, মো. শাহাদাত হোসেন, মোসা. মনোয়ারা বেগম, মনোয়ারা আক্তার, সুমা রাণী পাল, হাবিবা আক্তার রাণী ও সহকারী শিক্ষক নাছরীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। এরপর প্রধান অতিথি ও কলেজ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানকে শিক্ষক সম্মাননা ক্রেস্ট এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রূপা রাণী দাসকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীন শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৭৬.২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) ১ জন, 'এ' গ্রেড ৮ জন, 'এ-' গ্রেড ৯ জন, 'বি' গ্রেড ১৪ জন, 'সি' গ্রেড ১১ জন এবং 'ডি' গ্রেড ২ জন শিক্ষার্থী লাভ করেছে। ফলাফলের এই সাফল্য কলেজটিকে চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অধিকার করতে সহায়তা করেছে।








