প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৪৮
'তথ্য অধিকার আইন, ২০০৯' বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অংশীজনের অংশগ্রহণে 'তথ্য অধিকার আইন, ২০০৯' বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ রোববার (৮ নভেম্বর ২০২৬) বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে মিজ ফারাহ শাম্মী, এনডিসি (সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ) প্রধান অতিথি এবং মোহাম্মদ খালেদ হাসান (অতিরিক্ত সচিব -সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ) বিশেষ অতিথি হিসেবে জুম প্লাটফরমে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার শাখার উপসচিব মুহাম্মদ সাদিকুর রহমান। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণ চলাকালে চাঁদপুরের যে সকল সরকারি অফিসের ওয়েবসাইটে তথ্য প্রদানের জন্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্মকর্তার নাম নেই, সেটা তিনদিনের মধ্যে হালনাগাদ বা আপডেট করার জন্যে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিককে মনিটরিং করার দায়িত্ব দেয়া হয়। এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার শাখায় প্রেরণের জন্যে বলা হয়। যে সকল সরকারি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে উপরোল্লিখিত কর্মকর্তার নাম ও পদবী আপডেট করবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।








