প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৩০
৪ দফা দাবি বাস্তবায়নে চাঁদপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
২৮ নভেম্বরের মধ্যে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবি না মানলে এসডিএফ এমডির পদত্যাগের দাবি

চাকরির নিশ্চয়তা, ন্যায্য অধিকার ও সম্মানজনক কর্মজীবনের ৪ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার হয়েছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর কর্মকর্তা-কর্মচারীরা। এসডিএফ পরিচালিত ‘আরইএলআই’ প্রকল্পে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের চাঁদপুর জেলা শাখা ও কুমিল্লা অঞ্চলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করলেও আজ তাদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় কর্মীদের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কোনো করুণা চাই না, আমাদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চাই। আমাদের আন্দোলন কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়; হাজারো কর্মীর পরিবার ও ভবিষ্যৎ রক্ষার জন্য।”
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা তাঁদের ৪ দফা দাবি উপস্থাপন করেন--১. মেয়াদ বৃদ্ধি : আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বে সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে। ২. প্রশাসনিক হয়রানি বন্ধ : আন্দোলন অংশগ্রহণকারী কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি করা যাবে না এবং কাউকে চাকরিচ্যুত করা চলবে না। ৩. সরাসরি নিয়োগ : নতুন প্রকল্প বরাদ্দ নিশ্চিত করে ফেইজ আউট হয়ে যাওয়া রিলাই ও ফিশারিজ প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীকে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই নতুন প্রকল্পে সরাসরি নিয়োগ দিতে হবে। ৪.জবাবদিহিতা ও পদত্যাগ : ওপরের ৩ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে এসডিএফ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে পদত্যাগ করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের চাঁদপুর জেলা সমন্বয়কারী আব্দুস সালাম ও আঞ্চলিক সমন্বয়কারী অমিত মণ্ডল। বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।








