প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:৪৪
মতলব দাবা একাডেমির সহ-সভাপতি মনোনীত হওয়ায় সাংবাদিক রেদওয়ান জাকিরের কৃতজ্ঞতা প্রকাশ

মতলব দাবা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর কণ্ঠ-এর মতলব ব্যুরো ইনচার্জ সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।
|আরো খবর
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের পর একাডেমির সভাপতি প্রিন্সিপাল অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান অপু এবং সাংগঠনিক সম্পাদক ডা. নূরে আলম মজুমদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, "নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার যথাযথ মর্যাদাদানে আমি বদ্ধপরিকর। মতলবে দাবা খেলার প্রসার এবং একাডেমির সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।"
তিনি আরও বলেন, "খেলাধুলা—বিশেষ করে দাবা বুদ্ধিবৃত্তিক চর্চা ও মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মতলবের নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তুলতে এবং একটি দক্ষ দাবাড়ু দল গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।"
একাডেমির আগামী দিনের পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।








