রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২০:৫০

রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী

মাদকমুক্ত সমাজ গড়ার ঘোষণা

আলমগীর কবির।।
রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে হিসাব-নিকাশ ও আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক মো. আব্দুল করিম বেপারী।

স্থানীয় সূত্র জানায়, মো. আব্দুল করিম বেপারী দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের সঙ্গে গভীর যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি তিনি রাজারগাঁও সমাজসেবা সংঘের কার্যালয় সংস্কার এবং রাজারগাঁও বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটক নির্মাণে অর্থায়ন করেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও পৃষ্ঠপোষকতার বিষয়টি আঞ্চলিক গণমাধ্যম ও অনলাইন পোর্টালে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম বেপারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো পদে না থাকলেও দীর্ঘদিন ধরে সমর্থক ও কর্মী হিসেবে দলের কার্যক্রমে যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি ইতালি থেকে দেশে ফিরলে ঢাকা বিমানবন্দরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে বিপুল সংবর্ধনা ও ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন।

এদিকে ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’-এ প্রকাশিত একটি নির্বাচনী প্রতিবেদনে রাজারগাঁও ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকার আলোচনায় মো. আব্দুল করিম বেপারীর নাম উঠে আসে। সেখানে তাঁকে একজন জনহিতৈষী ও সমাজসেবক হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে মো. আব্দুল করিম বেপারী বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও সবসময় জন্মমাটির টানে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা আমার প্রধান অনুপ্রেরণা। ভবিষ্যতে জনগণ সুযোগ দিলে রাজারগাঁও ইউনিয়নকে মাদক, ইভটিজিং ও ঘুষবাণিজ্য মুক্ত একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে সততার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

স্থানীয় ভোটাররা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের সামাজিক যোগাযোগ ও গণসংযোগ দিন দিন বাড়ছে। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রার্থিতার চূড়ান্ত সমীকরণ স্পষ্ট হবে বলে ধারণা করছেন সচেতন নাগরিক সমাজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়