প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬
উৎসবমুখর পরিবেশে চলছে মতলব বাজার বণিক সমিতির নির্বাচন

মতলব দক্ষিণ উপজেলার প্রাচীন বাণিজ্য কেন্দ্র 'মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি'র নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।
|আরো খবর
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমিতির মোট ১ হাজার ৩২০ জন ভোটার আগামী ২ বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।
জানা গেছে, সমিতির মোট ২১টি পদের মধ্যে ১৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অপর দুটি পদ—সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজালাল ও দপ্তর সম্পাদক পদে মো. হানিফ প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার জানান, "প্রার্থী ও ভোটারদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।"
প্রধান নির্বাচন কমিশনার ও মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর বলেন, "বণিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"








