প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২০:৪০
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ

আদালতে মামলা চলমান এবং নালিশি সম্পত্তিতে বিজ্ঞ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে রাতের আঁধারে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশের সঙ্গেও অভিযুক্তরা অসদাচরণ করেছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের আকবর আলী মিজি বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহেরের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। তবে বিজ্ঞ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) গভীর রাতে অভিযুক্ত ইউছুফ ও তার সহযোগীরা বেআইনিভাবে সম্পত্তি দখলের উদ্দেশ্যে আবু তাহেরের বসতঘরের সামনের অংশে বাঁশের বেড়া নির্মাণ করেন।
ভুক্তভোগী আবু তাহের বলেন, "আমার মা জীবিত থাকা অবস্থায় তাঁর কাছ থেকে এবং পরবর্তী সময়ে আমার ভাই ও বোনদের কাছ থেকে কিছু জমি খরিদ করি। কিন্তু মা মারা যাওয়ার পর ভাই, বোন ও ভাগ্নেরা ওই সম্পত্তি নিয়ে নানা চক্রান্ত শুরু করে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলছে। মামলা ও আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে পুলিশ প্রথম দফায় ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পুলিশের সঙ্গেও খারাপ আচরণ করে। পরে আমার আবেদনের প্রেক্ষিতে শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে। বাধ্য হয়ে আমি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"
এ বিষয়ে অভিযুক্ত ইউছুফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, "আমার মামা আবু তাহের অন্য মামা ও খালাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। আমাদের কাছে সম্পত্তির সব বৈধ দলিলাদি রয়েছে। নিজের সম্পত্তিতেই আমরা বেড়া দিয়েছি।"
এ প্রসঙ্গে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"







