প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:৪১
গোর-এ-গরিবা মসজিদের সামনে ফিরেছে শৃঙ্খলা, স্বস্তিতে মুসল্লিরা

।চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ডে অবস্থিত গোর-এ-গরিবা মসজিদের সম্মুখের খালি জায়গায় দীর্ঘদিন হকারদের বসে ব্যবসা করার কারণে প্রায়ই সেখানে সৃষ্টি হতো ভিড় ও বিশৃঙ্খলা। বিশেষ করে সন্ধ্যার পর নামাজ ও জানাজার সময় মুসল্লিদের চলাচল এবং অবস্থানের ক্ষেত্রে দেখা দিতো স্থান সংকট। হকারদের বেচাকেনা, ক্রেতাদের ভিড় ও হাঁকডাকে মসজিদের সামনের পরিবেশও অনেক সময় ব্যাহত হতো। তবে বর্তমানে মসজিদের সম্মুখের বড় অংশ হকারমুক্ত হওয়ায় বদলে গেছে পুরো এলাকার চিত্র। আগের তুলনায় জায়গাটি এখন অনেক বেশি খোলামেলা, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরাও এতে স্বস্তি প্রকাশ করছেন। তাদের প্রত্যাশা, মসজিদের সামনের এই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ যেন স্থায়ীভাবে বজায় থাকে।
|আরো খবর
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে মসজিদের সম্মুখের খালি জায়গায় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কয়েকজন হকার বসতেন। বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকতো। হকারদের হাঁকডাক, ক্রেতাদের চলাচল এবং বেচাকেনাকে কেন্দ্র করে মসজিদের সামনে প্রায়ই জনসমাগম তৈরি হতো। এতে মসজিদে আসা মুসল্লিদের স্বাভাবিক চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি মসজিদের পবিত্র পরিবেশও অনেক সময় বিঘ্নিত হতো। বিশেষ করে সন্ধ্যার পর মসজিদ প্রাঙ্গণে কোনো জানাজা অনুষ্ঠিত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতো। মসজিদের পেছনের দিকে মুসল্লিদের স্থান সংকুলান হতো না। সামনের জায়গায় হকার ও ক্রেতাদের অবস্থানের কারণে পুরো জায়গাটি ব্যবহার করাও সম্ভব হতো না। আবার বেচাকেনার সময় নারী ক্রেতাদের উপস্থিতি থাকায় মসজিদের পরিবেশের কথা বিবেচনা করে অনেক সময় তাদের কিছু বলাও সম্ভব হতো না বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মাইক্রোবাস ব্যবসায়ী কবির বলেন, মসজিদ একটি পবিত্র জায়গা। এখানে মানুষ নামাজের জন্য আসে। আগে মসজিদের সামনের খালি জায়গায় কিছু হকার ব্যবসা করতেন। ফলে সবসময় এখানে প্রচণ্ড ভিড় থাকতো। এখন সামনের অংশটি খালি হয়ে যাওয়ায় জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগে। তিনি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানের সামনে অপ্রয়োজনীয় ভিড় না থাকলে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়া করতে পারেন এবং মসজিদের সৌন্দর্যও ফুটে ওঠে।
মসজিদের মুসল্লি, সাবেক ফুটবলার ও ব্যবসায়ী আলমগীর পাটওয়ারী বলেন, এখানে আগে যেসব হকার থাকতেন, তাদের চেঁচামেচিতে সবসময় একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করতো। এখন সবকিছু অনেক সুন্দর দেখাচ্ছে। মুসল্লি হিসেবে আমি চাই, সবসময় যেন এরকম পরিবেশ বজায় থাকে। তিনি আরও বলেন, মসজিদের সামনের জায়গাটি খোলামেলা থাকলে নামাজের সময় মুসল্লিদের চলাচলে সুবিধা হয়। বিশেষ করে জানাজার সময় অতিরিক্ত মানুষের সমাগম হলেও তখন জায়গাটি ব্যবহার করা সম্ভব হয়।
স্থানীয় মুসল্লিদের অনেকের মতে, মসজিদের সম্মুখের জায়গাটি মূলত মুসল্লিদের চলাচল, নামাজ ও জানাজার সুবিধার জন্য খোলামেলা রাখা প্রয়োজন। মসজিদের পবিত্র পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে আতর, টুপি ও ধর্মীয় সামগ্রী বিক্রির দোকান থাকলে তা মানানসই হতে পারে। তবে এর বাইরে অন্যান্য পণ্যের দোকান বা অনিয়ন্ত্রিত হকার বসানো হলে আবারও ভিড়, কোলাহল ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ভাষ্য, মসজিদের সামনে বিভিন্ন ধরনের দোকান বসতে দিলে ধীরে ধীরে ক্রেতাদের ভিড় বাড়বে। এতে মসজিদের পরিবেশের পাশাপাশি মুসল্লিদের চলাচলও ব্যাহত হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর নামাজ ও জানাজার সময় এ সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মসজিদের সম্মুখের জায়গাটি ধর্মীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা প্রয়োজন।
মসজিদ সংলগ্ন কবরস্থানের কেয়ারটেকার ওসমান গনি বলেন, আগে সবসময় এখানে ময়লা-আবর্জনা পড়ে থাকতো। এখন জায়গাটি সুন্দর এবং পরিষ্কার থাকে।
তিনি বলেন, মসজিদের পাশেই কবরস্থান থাকায় পুরো এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হকার ও ক্রেতাদের অতিরিক্ত ভিড় না থাকায় বর্তমানে ময়লা-আবর্জনাও তুলনামূলকভাবে কম হচ্ছে এবং পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে।
এদিকে ফরিদগঞ্জের বাসিন্দা ও গোর-এ-গরিবা মসজিদে নামাজ পড়তে আসা আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন মসজিদের অজুখানা ও সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, মসজিদের অজুখানায় নতুন কার্পেট দেয়া হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। অজু করার জন্য সামনে কয়েক জোড়া স্যান্ডেলও রাখা হয়েছে। এই ব্যবস্থা আমার কাছে খুব ভালো লেগেছে। জেলা শহরের এমন একটি মসজিদের ব্যবস্থাপনা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, মুসল্লিদের সুবিধার জন্য ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দেয়া একটি মসজিদের সুন্দর ব্যবস্থাপনার পরিচয়। অজুখানা পরিষ্কার রাখা, মুসল্লিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং মসজিদের সামনের পরিবেশ সুন্দর রাখার উদ্যোগ প্রশংসনীয়।
স্থানীয় মুসল্লিদের মতে, বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হওয়ায় গোর-এ-গরিবা মসজিদে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা যাত্রী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও পথচারীরাও এখানে নামাজ আদায় করেন। ফলে মসজিদের সামনের পরিবেশ শৃঙ্খলাপূর্ণ রাখা অত্যন্ত জরুরি।
তারা বলেন, হকারদের জীবিকা নির্বাহের বিষয়টিও বিবেচনায় রাখা দরকার। তবে একই সঙ্গে মসজিদের পবিত্রতা, মুসল্লিদের স্বাভাবিক চলাচল, জানাজা আদায়ের সুযোগ এবং আশপাশের পরিচ্ছন্নতাও নিশ্চিত করতে হবে। এ কারণে মসজিদের সম্মুখের জায়গায় অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ধরনের দোকান বসার পরিবর্তে জায়গাটি খোলামেলা রাখা এবং প্রয়োজন হলে ধর্মীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আতর, টুপি ও ধর্মীয় সামগ্রীর দোকান সীমিত পরিসরে রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বর্তমানে মসজিদের সামনে যে পরিচ্ছন্ন, খোলামেলা ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, তা যেন ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকে। মসজিদের সামনে অপ্রয়োজনীয় ভিড় ও বেচাকেনা বন্ধ রেখে মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়, জানাজা ও চলাচলের সুযোগ নিশ্চিত করা হবে। একই সঙ্গে অজুখানা, মসজিদের সামনের অংশ এবং সংলগ্ন কবরস্থানের পরিচ্ছন্নতা নিয়মিতভাবে বজায় রাখা হলে গোর-এ-গরিবা মসজিদটি চাঁদপুর শহরের একটি সুন্দর ও দৃষ্টান্তমূলক ধর্মীয় পরিবেশ ধরে রাখতে পারবে।








