প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২৩:৫২
কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ ও অঞ্চল-৩ পরিদর্শন
চাঁদপুরে রাতের পাহারায় গতি আনতে মাঠে পৌর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ

চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা ও টহল কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে পৌরসভার অঞ্চল-৪ ও অঞ্চল-৩-এর রাতের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন কমিটির নেতৃবৃন্দ।
|আরো খবর
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদের নেতৃত্বে নেতৃবৃন্দ অঞ্চল-৪-এর ৬নং ওয়ার্ড এবং অঞ্চল-৩-এর ১০নং ওয়ার্ডের টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা টহল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতের পাহারা আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় অপরাধপ্রবণ স্থান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টহল সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দায়িত্ব পালনে সচেতনতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ জোরদার করা হলে অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
তাঁরা বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; নিরাপদ সমাজ গঠনে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সম্ভব।
নেতৃবৃন্দ টহল সদস্যদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন। একই সঙ্গে এলাকার মানুষের জানমাল রক্ষায় সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের আওতাধীন সব অঞ্চল ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে টহল কার্যক্রম পরিদর্শন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ, অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড)-এর কাজী হুমায়ুনসহ সংশ্লিষ্ট টহল কার্যক্রমের সদস্যরা।







