প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৪৯
জেলা পুলিশের কল্যাণ সভায় টিআই প্রবীরসহ ৩ সদস্য পুরস্কৃত

চাঁদপুরে সড়কে শৃঙ্খলা আনয়ন, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সর্বাধিক মামলা থেকে রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ট্রাফিক পুলিশের তিন সদস্য।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা হলেন—ট্রাফিক বিভাগের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, সার্জেন্ট ইমরানুল কবির এবং এটিএসআই মোজাম্মেল হোসেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় উপরোল্লিখিতদের হাতে এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও পেশাগত দক্ষতার জন্য টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এবং সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ের স্বীকৃতি হিসেবে সার্জেন্ট ইমরানুল কবিরকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি চাঁদপুর ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে বিশৃঙ্খলা রোধে আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা পেলে চাঁদপুরের সড়ক ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব হবে।”
ছবি ক্যাপশন: চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করছেন ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) প্রবীর কুমার দাস, সার্জেন্ট ইমরানুল কবির ও এটিএসআই মোজাম্মেল হোসেন।







