শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

শাহতলীতে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম

আব্দুল্লাহ আল মামুন।।
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও দেশ-ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা হতে হবে এমন, যা একটি মানবিক প্রজন্ম তৈরি করবে—বলেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংস্কৃতি চর্চা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখকের বই পড়তে হবে এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি নিজ নিজ ধর্ম পালনে মনোযোগী হতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং সবার প্রতি আন্তরিক হতে হবে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শরীর, মন ও মানসিকতার বিকাশ ঘটাতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়