শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:৩৮

ফেসবুকে নবীজীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে ধরে পুলিশে দিলো জনতা

বিশেষ প্রতিনিধি।।
ফেসবুকে নবীজীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে ধরে পুলিশে দিলো জনতা

মতলব উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আবুল হাসেম (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) জুমার নামাজের পর জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী বিষয়টি নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এরপর স্থানীয় লোকজন আবুল হাসেমকে তার বাড়ি থেকে ধরে এনে মারধর করে বলে জানা গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ তাকে স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।

স্থানীয় সাইফুল, মনির হোসেন, জাহিদ ও সালাম প্রধান জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়