শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৪

হাজীগঞ্জে ওরছে ইমামে রাব্বানীতে আইনমন্ত্রীর মন্তব্যে তীব্র ক্ষোভ

বিটিভিতে তিন ঘণ্টার লাইভ ডিবেটের চ্যালেঞ্জ ড. সাইফুল আলম বাবর আজহারীর

এএইচএম আহসান উল্লাহ।।
বিটিভিতে তিন ঘণ্টার লাইভ ডিবেটের চ্যালেঞ্জ ড. সাইফুল আলম বাবর আজহারীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সম্প্রতি এক অনুষ্ঠানে “কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না, কারণ কোনো আয়াত পরিবর্তন করা সম্ভব নয়”— মর্মে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। আইনমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে বিটিভিসহ যে কোনো গণমাধ্যমে তিন ঘণ্টার সরাসরি লাইভ বিতর্কে (ডিবেট) বসার প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন বিশিষ্ট আলেম ও নর্থ আমেরিকার মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট ড. আল্লামা শায়খ সাইফুল আজম বাবর আজহারী। একই সঙ্গে মন্ত্রীকে উক্ত বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ ও তওবা করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে অনুষ্ঠিত ৩৮তম ওরছে ইমামে রাব্বানী ও হিজবুর রাসুল সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ড. সাইফুল আজম বাবর আজহারী এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

বক্তব্যে তিনি বলেন, “সরকারে বা সরকারের বাইরে থেকে কেউ যদি পবিত্র কোরআনের কোনো হুকুম বা আইনকে বর্তমান সময়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ দাবি করেন, তবে উম্মতে মুসলিমার পক্ষ থেকে আমি বিটিভি বা যে কোনো উন্মুক্ত মিডিয়ায় তিন ঘণ্টার লাইভ ডিবেটের আহ্বান জানাচ্ছি। মন্ত্রী মহোদয় ইংরেজিতে উনার যুক্তি উপস্থাপন করবেন, আর আমরা কোরআন ও ইসলামের পক্ষে তা খণ্ডন করবো। দেখি কার যুক্তির জোর কতোটুকু, যেন ভবিষ্যতে কেউ এভাবে ইসলামি আইন নিয়ে মন্তব্য করার সাহস না পান।”

আইনবিষয়ক ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “বিশ্বের বহু বিখ্যাত আইনবিদ স্বীকার করেছেন যে, মানবজাতির আইনি অগ্রগতিতে মুসলমানদের অবদান অনস্বীকার্য। আধুনিক আন্তর্জাতিক আইনের ভিত্তি রচনা করেছিলেন ইমামে আজম আবু হানিফা (র.)। আইনমন্ত্রী পশ্চিমা সেক্যুলার আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিলেও ইসলামি আইনের সুবিশাল পরিধি সম্পর্কে উনার ধারণা স্পষ্ট নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম মনীষীরা যে আইনি কাঠামো রেখে গেছেন, তা বিশ্বের যে কোনো আধুনিক আইনি ব্যবস্থার চেয়েও সমৃদ্ধ।”

কোরআনের আইনি কাঠামোর মতো স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে মন্ত্রীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ড. বাবর আজহারী বলেন, “কোরআনের কোনো বিধানকে প্রশ্নবিদ্ধ করা ঈমানী দায়িত্বের পরিপন্থী। তাই সংশ্লিষ্ট বক্তব্য যদি নিশ্চিত হয়ে থাকে, তবে আইনমন্ত্রীর উচিত অবিলম্বে তওবা করে নেওয়া।”

ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্য আলেমে দ্বীনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন এবং মাওলানা মোশারফ হোসেন হেলালীসহ অন্যান্য বক্তারাও মাহফিলে আলোচনায় অংশ নেন।

মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজীর সঞ্চালনায় বাদ আসর থেকে শুরু হয়ে সারারাতব্যাপী ওয়াজ মাহফিল শেষে ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়