প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:২৭
প্রতিটি বড় পূজা মণ্ডপে সোলারের ব্যবস্থা করুন
প্রস্তুতিমূলক সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সভায় আয়োজন করা হয়।
|আরো খবর
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আমাদের দলীয় নেতাকর্মীরা ভলান্টিয়ার হিসেবে পূজা মণ্ডপগুলোতে আপনাদের পাশে থাকবে। শহর এলাকার বাইরে প্রতিটি বড় পূজা মণ্ডপে সোলারের ব্যবস্থা রাখার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী সেবায়েত ও পুরোহিতদের জন্য বেতন কাঠামোর ঘোষণা দিয়েছেন, যা আগামী মাসের মধ্যেই বাস্তবায়ন হতে পারে। এছাড়া যেসব মন্দির এখনো অনুদানের আওতায় আসেনি, সেগুলো দ্রুত সহযোগিতার আওতায় আনার চেষ্টা চলছে। সরকার থেকে ইতোমধ্যে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।”
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম এবং চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, পুরানবাজার হরিসভা মন্দির কমিটির প্রতিনিধি কার্তিক সরকার, মিনার্ভা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, রামকৃষ্ণ আশ্রমের অপূর্ব মহারাজ, নতুন বাজার ঘোষপাড়া পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ ঘোষ, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক মজুমদার ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার প্রমুখ।
সভায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৪৭টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং ইউনিয়ন পরিষদ সচিবসহ সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







