রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯

ফরিদগঞ্জের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বিষয়ে শুনানি

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বিষয়ে শুনানি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে শুনানি করেন কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন। শুনানিতে আবেদনকারী জাকির হোসেন ভোটকেন্দ্র এই স্থানে থাকার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন। যদিও এ সময়ে ইতঃপূর্বে স্থানান্তরের আবেদনকারীদের পক্ষে উপস্থিত কয়েকজন কথা বলেন। পরে তদন্ত কর্মকর্তা শুনানি শেষে সরজমিনে ভোট কেন্দ্রস্থল পরিদর্শন করেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজালাল মামুনসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আবেদনকারী জাকির হোসেন শুনানিতে বলেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহু আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। ২০১১ সালে তৎকালীন এক চেয়ারম্যান প্রার্থী নিজের সুবিধার্থে এই কেন্দ্র ভেঙ্গে প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছু অংশ নেন। এখন বৃহত্তর জনগোষ্ঠী এবং দূরত্বের কথা চিন্তা না করে পুরো পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করার জন্য অন্য কেউ আবেদন করেছিলো। কিন্তু আমিসহ এই এলাকার মানুষজন তা জানতাম না। তাই আমরা ইতঃপূর্বে অনুষ্ঠিত শুনানিতে অংশ নিতে পারি নি। সে জন্যে আমরা নতুন করে শুনানি ও তদন্ত করার জন্য আবেদন করেছি।

শুনানি ও তদন্ত বিষয়ে কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, আমি শুনানি ও সরজমিন পরিদর্শন শেষে রিপোর্ট প্রদান করবো। তবে অবশ্যই সরকারের পাশাপাশি জনগণের চাহিদার বিষয়টি গুরুত্ব পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়