সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার অর্থায়নে শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম যাতে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি সেবীদের পুনর্বাসন ও প্রশিক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। মাদকসেবীদের চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে একটি বিশেষ ইউনিট চালু করার চিন্তাভাবনা চলছে। এছাড়া কারাগারে থাকা বন্দিদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”

অপরাধ প্রতিরোধে সামাজিক ভূমিকার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে এবং তরুণদের অপসংস্কৃতি ও অপরাধ থেকে দূরে রাখতে সংস্কৃতি চর্চা ও ধর্মীয় অনুশাসন বাড়াতে হবে। জনসচেতনতা সৃষ্টিতে প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে গিয়ে মাদক, বিদ্যুৎ ও জননিরাপত্তা বিষয়ে বক্তব্য দেয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন।

সড়ক যোগাযোগ ও বাজার তদারকি নিয়ে তিনি জানান, শহরে যানজট নিরসন ও হাজীগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত কাজ অব্যাহত রাখতে হবে। এছাড়া অবৈধ ইটভাটা, অনুমোদনহীন পলিথিন ব্যবহার ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান জোরদার করা হবে। ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা ও অবৈধ জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

একই সাথে 'মিনি কক্সবাজার' সংলগ্ন নদীপথে ট্রলার থেকে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নদীপথে যে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি কঠোর হস্তে দমন করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হচ্ছে যেন জেলায় মাদক ঢুকতে না পারে। পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সভায় গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি শহরের অপরাধপ্রবণ স্পটগুলোকে সিসিটিভির আওতায় এনে তার তদারকি জেলা পুলিশকে দেওয়ার পরামর্শ দেন। এছাড়া মাদকের প্রধান তিন পথ—সড়ক, রেল ও নৌপথে চেকিং বাড়ানো, জেনারেল হাসপাতালে মাদকসেবীদের চিকিৎসার জন্য পৃথক ইউনিট গঠন এবং গ্রাম আদালতের কার্যক্রমে যেন নাগরিকরা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার ওপর তাগিদ দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মো. জহুরুল ইসলাম হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া এবং জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

--

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়