প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
আদালত বর্জনের পর এবার চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার চান আইনজীবীরা

চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিনটি আদালতের বিচারক বর্জনের পর এবার তাঁদের প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। এই দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।
|আরো খবর
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই দাবি তোলা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্বকালে সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ওই তিন বিচারকের দ্রুত প্রত্যাহার দাবি করেন। তিনি বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত-১) পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে ধারাবাহিক অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, আদালত বর্জনের পর বিষয়টি সমাধানের লক্ষ্যে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি।
অভিযোগ তুলে আইনজীবী সমিতির সভাপতি বলেন, ওই বিচারকরা উল্টো আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। তবে আইনজীবীরা এসব হুমকিতে ভীত নন। ১৯৮৬ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করেই তারা আজকের অবস্থানে এসেছেন। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতেই আইনজীবীরা বিচারকদের সঙ্গে কথা বলেন; এতে কারও ব্যক্তিগত স্বার্থ নেই। বিচারকদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, সব আইনজীবী এখন ঐক্যবদ্ধ। কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সরকারি কৌঁসুলি (জিপি) এজেডএম রফিকুল হাসান রীপন, পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, এ টি এম মোস্তফা কামাল ও হুমায়ুন কবির।
এছাড়া সিনিয়র আইনজীবী হেদায়েত উল্যাহ, আজহার, এমরান হোসেন, হারুনুর রশিদ, নুরুল আমিন খান আকাশ, কাদের খান, শামীম হোসেন, নাজিম উল্লাহ বাপ্পি, আলম খান মঞ্জু, তৌহিদুল ইসলাম তরুণ ও মো. ইব্রাহিমসহ অনেকেই সভায় বক্তব্য রাখেন।
বক্তারা আইনজীবী ও বিচারকদের মধ্যকার দূরত্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে আসা সাধারণ বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট প্রশাসন ও বিচারকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান।
প্রতিবাদ সভাশেষে আইনজীবীরা ব্যানারসহ আদালত প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
-








