প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্ধকি পাওনা টাকাকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে মফিজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের আন্দিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোফাজ্জল হোসেন জানান, প্রায় ছয় বছর আগে তিনি পশ্চিম করপাড়া গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে মো. মফিজের কাছে দুটি দোকানঘর বন্ধক রেখে বিদেশে যান। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা মফিজের কাছ থেকে দোকান দুটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি মোফাজ্জল দেশে ফিরলে পাওনা টাকা ফেরতের জন্য চাপ দেন মফিজ। এ নিয়ে মোফাজ্জল কিছুদিন সময় চান।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন মফিজ ও তার ভাই বাজারে এসে পাওনা টাকা দাবি করে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁরা মোফাজ্জলের ওপর হামলা চালিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এবং ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা চালান। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশবাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।
তবে অভিযোগ অস্বীকার করে মফিজ মিয়া বলেন, পাওনা টাকা চাওয়ায় মোফাজ্জল টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং উল্টো তাকে হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা চালান।
এ বিষয়ে রামগঞ্জ মোহাম্মদীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








