প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৮:০২
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ বিভিন্ন ট্রেডে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
|আরো খবর
প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরী বলেন, “কারিগরি শিক্ষা বর্তমান বিশ্বের মূল চালিকাশক্তি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল ফলাফলেই নয়, দেশের শিল্প ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।” তিনি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন-টেক বিভাগের প্রধান প্রশিক্ষক মো. ইকবাল হোসেন, অ্যাপারেল বিভাগের বিভাগীয় প্রধান এনায়েতে রাব্বি ইয়াছিন এবং ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ফারুখ হোসেন সরকার।
এ বছর সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য জিপিএ-৫ অর্জনকারীরা হলো— অ্যাপারেল ট্রেডের আইরিন সুলতানা ও মাসুদা আক্তার সানজিদা এবং আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস ট্রেডের তাওরিন ইসলাম বুশরা।
সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এ অর্জন ও স্বীকৃতি তাদের ভবিষ্যৎ কর্মজীবন এবং উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
কম্পিউটার ট্রেডের জুনিয়র ইনস্ট্রাক্টর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ছবি ক্যাপশন : ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরীসহ অন্য শিক্ষকমণ্ডলী।








