প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৬:১০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ প্রকল্পের সূচনা

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ২০২৬-২৭ বর্ষের স্থায়ী কার্যক্রম হিসেবে ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ (খাদ্য ও পুষ্টি) প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি জামতলা হালিমা তুস সাদিয়া মহিলা মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দৈনন্দিন পুষ্টি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সুষম খাদ্যের ভূমিকা অপরিসীম। অপুষ্টির কারণে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হয়। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্লাব নিয়মিত তাদের পাশে দাঁড়াবে। ২০২৬-২৭ বর্ষে ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ প্রকল্পকে ক্লাবের স্থায়ী কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি সহায়তায় ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হবে।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, এটি কেবল একদিনের কোনো আয়োজন নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে নেওয়া একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রয়াস।
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি আফরোজা পারভিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফৌজিয়া হোসেন পুতুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, বর্তমান সহ-সভাপতি ফাহমিদা খানম ও রওশন আক্তার, আইপিপি ডালিয়া খানম, আইএসও খোদেজা বেগম এবং ক্লাব করসপন্ডেন্ট তাসলিমা সুলতানা মুন্নী।
এছাড়া সদস্য তাসনুভা তন্বী, মিতু আক্তার, নাসরীন নওশীন, নূরজাহান সেতু ও ফেরদৌসী সাথী সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








