প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২৩:১৯
পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিকের বিদায় সংবর্ধনা

গৌরবময় কর্মজীবন শেষে অবসরে যাওয়া চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায়। বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, হাবীবুর রহমান, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন সুলতানা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বশির উল্যা খান, বিদ্যালয়ের শিক্ষক মাকছুদুল মাওলা, অভিভাবক ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসাইন, শিক্ষক অভিভাবক কমিটির সহ-সভাপতি জাকির হোসেন খান শিপন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাহেলা মেহেজাবিন ছোঁয়া প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি বিএম ওমর ফারুক, সদস্য সোলাইমান ঢালী, তাপস দত্ত, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার ও ব্যবসায়ী ইউশা শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, ২নং বালিকা সি-হল সপ্রাবি'র প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, ২নং বালিকা আখন্দ বাড়ি সপ্রাবির প্রধান শিক্ষক ক্ষমা বণিক, ৩নং বালিকা সপ্রাবি'র প্রধান শিক্ষক সায়েকা সুলতানাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, ধ্রুব রাজ বণিক শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক এবং সহকর্মীদের পথপ্রদর্শক। এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি এই বিদ্যালয়ে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে ধ্রুব রাজ বণিককে একজন ধ্রুবতারা, শিক্ষার কাণ্ডারী ও আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ করেন। তিনি তাঁর অবসর জীবন সুস্থতার সাথে সুন্দরভাবে যাতে কাটাতে পারেন এবং তিনি দীর্ঘায়ু হোন সে কামনা করেন।
বিদায়ী সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিক তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক কমিটি, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন প্রীতি উপহার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আক্কাছ আলী ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








