প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২২:৩৭
চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাজপথে বিএনপির অবস্থান ও যুবদলের প্রতিবাদ মিছিল

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের কর্মসূচি ও তৎপরতা ঠেকাতে চাঁদপুরের রাজপথে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল থেকে এবং আগের দিন সোমবার বিকাল ও সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে দলটি।
|আরো খবর
পুলিশ সদর দপ্তর থেকে দেশব্যাপী আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়নের নির্দেশনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ৭টা থেকে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন।
এদিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে। চাঁদপুর পৌর ৭ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও শহরে সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম বলেন, আওয়ামী লীগের যে কোনো গুপ্ত পরিকল্পনা ও অপতৎপরতা রুখতে প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই পাড়া-মহল্লায় মিছিল ও সভা হয়েছে। আজ রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন এবং প্রতিবাদ মিছিলও করেছেন।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা গেছে। তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বিকেল পাঁচটায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শহরমুখী বিশাল প্রতিবাদ মিছিল বের করে জেলা যুবদল। উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে সরকারি দলের নেতাকর্মীদের শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান ও মিছিল দেখা যেত। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান-পরবর্তী এখন সরকারে বিএনপি। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে একই ধরনের কর্মসূচি নিয়ে মাঠে দেখা গেলো বিএনপির নেতাকর্মীদের।








