প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:২২
৩৯ বছরের শিক্ষকতা শেষে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি ফিরলেন শিক্ষিকা

মতলব দক্ষিণ উপজেলায় সামছুন নাহার লাকী নামে এক শিক্ষিকাকে ৩৯ বছরের কর্মজীবন শেষে ফুলে ফুলে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) মতলব দক্ষিণ উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শহরের টিএন্ডটি এলাকার বাসায় শিক্ষিকা সামছুন নাহার লাকীকে পৌঁছে দেয়া হয়। বিদ্যালয়ের উদ্যোগে বিদায়ী শিক্ষিকার জন্যে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। শেষ কর্ম দিবসের দুপুরে বিদ্যালয় আঙ্গিনায় ভীড় জমিয়েছিলেন বর্তমান ও পুরোনো শিক্ষার্থীরা।
|আরো খবর
জানা যায়, সামছুন নাহার লাকী ১৯৮৭ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরের বেশি সময় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বিদায় উপলক্ষে এদিন বিয়ের কনের গাড়ির মতো করে ফুল দিয়ে সাজানো হয় একটি গাড়ি। আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বিভিন্ন উপহার তুলে দেন। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সামছুন নাহার লাকী ছিলেন শিশুদের প্রিয় লাকী আপা। তিনি শিক্ষকতা পেশায় ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী। দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো অনিয়মের সাথে আপস করেননি।
ডা. ফিরোজ আহমেদ প্রোপেন নামে বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী বলেন, আমরা যখন স্কুলে ছিলাম, ম্যাডাম ছিলেন আমাদের নয়নের মণি। ম্যাডাম অনেক শাসন করতেন, আবার আদরও করতেন। ম্যাডাম ছিলেন সবার প্রিয়। বিদায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেলো। ওনার অবসর জীবন সুস্থতার সাথে কাটুক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল জান্নাত শ্যামা বলেন, লাকী আপা শুধু আমাদের সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমাদের বড়ো বোনের মতো। কাল যখন বিদ্যালয়ে আসবো, অফিসে ও ক্লাসে আপাকে দেখতে পাবো না, তখন আরো খারাপ লাগবে। আপা একজন আপাদমস্তক শিক্ষক ও সংগঠক ছিলেন। তাঁকে অনেক মিস করবো। লাকী আপা ভালো থাকবেন। আমরা আপনাকে অনেক ভালোবাসি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সুইটি শিরীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, জেলা মৎস্য জরিপ কমকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. ছরওয়ার জাহান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল হাই, মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, অভিভাবক সদস্য নাছির মিয়াজী প্রমুখ।








