প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:০২
হাজীগঞ্জে দিনভর বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন ডা. তানভীর হায়দার চৌধুরী

হাজীগঞ্জে দিনভর প্রায় ৩শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন ডা. তানভীর হায়দার চৌধুরী। অর্থোপেডিক ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
|আরো খবর
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সুযোগ্য সন্তান ডা. তানভীর হায়দার চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ হলরুমে দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। দেশের সকল শহীদ ও ডা. তানভীর হায়দার চৌধুরীর প্রয়াত বাবা এবং বড়োভাইয়ের রুহের মাগফেরাত কামনায় তাঁর নেতৃত্বে কয়েকজন চিকিৎসক এ সেবা দেন। প্রতি বছর তিনি বিভিন্ন এলাকায় এ সেবা প্রদান করে থাকেন।
হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক ও ট্রমা সংক্রান্ত যেসব রোগী টাকার অভাবে অপারেশন করতে পারে না এবং কবিরাজের কাছে গিয়ে অপচিকিৎসার শিকার হয়েছেন, তাদেরকে স্বল্প খরচে অথবা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান ডা. তানভীর হায়দার চৌধুরী।
হাজীগঞ্জ পশ্চিম বাজারের কচুয়া সড়কে একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ও কৃষ্ণা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে ডা. তানভীর হায়দার চৌধুরীর সফর সঙ্গী হিসেবে একাধিক চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসাইন ও দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবিরসহ অন্যান্য অতিথি।
উল্লেখ্য, প্রতি বছর মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও তাঁর বড়ো ছেলের রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. তানভির হায়দার চৌধুরী।
এছাড়া তাঁর মা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী তাঁর স্বামী ও বড়ো ছেলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মায়ের দেখানো পথ ধরেই ডা. তানভীর হায়দার চৌধুরী অর্থোপেডিক ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে হাজীগঞ্জসহ চাঁদপুরের বিভিন্ন উপজেলায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন।








