বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:৪৬

বড়ো পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শনে দু মেয়র প্রার্থীর উদ্যোগ

আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, রাতভর দর্শকের ভিড়

কবির হোসেন মিজি
আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, রাতভর দর্শকের ভিড়

এবারের বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে চাঁদপুর শহরে পৃথকভাবে বড়ো পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন চাঁদপুর পৌরসভার দু মেয়র প্রার্থী। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচকে কেন্দ্র করে সোমবার (২২ জুন ২০২৬) রাতে শহরের দুটি স্থানে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মোশারফ ফাউন্ডেশনের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বড়ো পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন। রাত ১১টায় খেলা শুরু হওয়ার আগেই বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে জড়ো হতে থাকে। খেলা শুরুর পরপরই আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির পায়ে আর্জেন্টিনার প্রথম গোল হলে দর্শকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। করতালি, উল্লাস আর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে খেলা দেখানোর স্থল। এ সময় মাঠে উপস্থিত হয়ে দর্শকদের উচ্ছ্বাস উপভোগ করেন আলহাজ্ব মোশারফ হোসাইন। খেলার বিরতির সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধন তৈরি করে। বিশ্বকাপের আনন্দ সবাইকে একসঙ্গে উপভোগ করার সুযোগ করে দিতেই এই আয়োজন।

অন্যদিকে, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মাঠেও বিশাল পরিসরে বড়ো পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর আয়োজন করা হয়। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচটি উপভোগ করতে সেখানে শত শত ফুটবলপ্রেমী একত্রিত হয়ে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।

খেলা চলাকালে কলেজ মাঠেও ছিলো উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণ ও গোলের সুযোগে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন এবং বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সবশেষে মেসির পায়ে শেষ গোলে হাসান আলী মাঠ এবং সরকারি কলেজ মাঠে থাকা উপস্থিত দর্শকরা ব্যাপক আনন্দে উচ্ছ্বসিত হয়ে শ্লোগান দিতে থাকেন। খেলা শেষ হতেই আর্জেন্টিনার জয়ের আনন্দে খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে যার যার গন্তব্যে ফিরে যান

ফুটবলপ্রেমী দর্শকরা।

ফুটবলপ্রেমীরা জানান, বড়ো পর্দায় একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা তাদের কাছে বাড়তি আনন্দের। দু মেয়র প্রার্থীর এমন উদ্যোগ শহরের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশ্বকাপের উন্মাদনায় চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়